রাজনীতি

নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা আট দলের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম

নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা আট দলের
ছবি: সংগৃহীত

আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি এবং সেই আদেশের ওপর নভেম্বর মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ।

তিনি জানান, আগামীকাল (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে পাঁচ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ৩ নভেম্বর বৈঠক ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে।

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করতে হবে।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা জমা দিয়েছে। গণভোট ছাড়া সনদ আইনগতভাবে টেকসই হবে না।

পিআর পদ্ধতির পক্ষে বলা হয়েছে, এটি কালো টাকার প্রভাব, ভোটকেন্দ্র দখল, অনিয়ম ও অপতৎপরতা রোধ করতে সাহায্য করবে। পাশাপাশি এটি দক্ষ আইনপ্রণেতা তৈরি ও প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈমসহ আরও অনেকে।