রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: রেজাউল করীম
জুলাই সনদ বাস্তবায়নে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, যে লক্ষ্য সামনে রেখে মানুষ জীবন দিয়েছে ও রক্ত ঝরিয়েছে, আজ তা উপেক্ষিত হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অঙ্গীকার করলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে জনমনে হতাশা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি, বরং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই মানুষ আন্দোলনে নেমেছিল। কিন্তু সেই প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি; বরং আগের শাসনের ধারাবাহিকতা বজায় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতির পরিবর্তন না হলে নতুন করে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন দলের নেতারা। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল বের করে।