রাজনীতি

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি (ভিডিও)
বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নতুন সংবিধান প্রণয়ন ও ‘জুলাই সনদ’ কার্যকর না হলে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি মনে করে, বিদ্যমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হলে তাতে দেশের মানুষের নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না, বরং দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “আমরা মনে করি বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয়, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না।”

তিনি বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকার নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে।”

আখতার হোসেন আরও বলেন, আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগেও অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরন কী হবে, তা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমি যদি বিদ্যমান সংবিধানকে বহাল তবিয়তে রেখে সামনের নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে ওই সংবিধানের মধ্য দিয়ে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। এ কারণেই আমাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।”