রাজনীতি
আর্থিক লেনদেন নিয়ে বিরোধে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে থাকা দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটির সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় উপস্থিত ছিলেন এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা কমিটির বেশ কয়েকজন নেতা-কর্মী। সভা চলাকালীন দুই পক্ষের মধ্যে আর্থিক বিরোধ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেন এবং আহত ইউসুফকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঘটনার পেছনের কারণ হিসেবে জানা যায়, তিন মাস আগে বংশাল থানা কমিটির কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি এনসিপি ঢাকা মহানগর উত্তরের এক নেতা শোয়েবের কাছে অভিযোগ আকারে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানা নেতা রিয়ানকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেন।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশাল থানা কমিটির ওই নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের বাধ্যতামূলকভাবে আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর থেকেই বংশাল কমিটির নেতারা রিয়ানের কাছে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বারবার ব্যর্থ হন।
সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে মুখোমুখি হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতির ঘটনাটি ঘটে।