রাজনীতি
তেহরানে খামেনির মরদেহে শ্রদ্ধা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ থেকে তেহরানে পৌঁছেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একটি প্রতিনিধিদল। রাজধানীর গ্র্যান্ড মুসল্লায় রাখা খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় প্রতিনিধিদলটি তেহরানে পৌঁছায়। এরপর তারা গ্র্যান্ড মুসল্লায় গিয়ে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিরা সেখানে সমবেত হয়েছেন। সর্বসাধারণ ও বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মুসল্লায় রাখা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত, নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাত দিয়ে জানান, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ মোট ১০ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদলও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ধারাবাহিক ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হবে। জানাজা শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। একইসঙ্গে তার কন্যা, জামাতা ও নাতনির জানাজাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।