রাজনীতি

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে আদালতের দেওয়া রায় কার্যকরের জন্য।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ভবনের মিলনায়তনে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন আদালতের রায় কার্যকর হওয়াই প্রয়োজন।

তিনি আরও বলেন, আদালতের রায় ইতোমধ্যে দেওয়া হয়েছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কীভাবে তিনি দেশে ফিরবেন, সেটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগও সরকারের মাধ্যমেই সম্পন্ন হবে।

তিনি দাবি করেন, পুরো বিষয়টি আন্তর্জাতিক ও কূটনৈতিক বোঝাপড়ার সঙ্গে সম্পৃক্ত এবং এ ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় সবাই প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে বিচার প্রক্রিয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং এটি সঠিক পদক্ষেপ বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।