রাজনীতি

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল
মোস্তফা জামাল হায়দার। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানতে আর বেশি অপেক্ষা নয়—আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটি নিঃসন্দেহে একটি আনন্দের বার্তা। আমরা মনে করি, আসন্ন নির্বাচন দেশের চলমান রাজনৈতিক নৈরাজ্যের অবসান ঘটাবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এর আগে শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল ও জোটের ১৪ প্রতিনিধি।

রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে বুধবার (২৩ জুলাই) আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।