রাজনীতি
বগুড়া-৬ আসন, নির্বাচনী আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা
বগুড়া-৬ আসন আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দুতে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দুটি আসনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্রার্থী কে হবেন, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বগুড়া-৬ আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এখানে মনোনয়ন কাকে দেওয়া হবে, তা কেবল উপ-নির্বাচনের বিষয় নয়; বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় আরও আছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্য নেতারা।
দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, বগুড়া-৬ আসন দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে প্রার্থী করা উচিত, যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূলের অনেকেই স্থানীয় পরীক্ষিত নেতৃত্বের পক্ষে মত দিচ্ছেন।
রেজাউল করিম বাদশা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। মনোনয়ন যাকে দেওয়া হবে, তিনিই উপ-নির্বাচনে অংশ নেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই আসবে।
অন্যদিকে, আসনটিতে অংশ নেওয়া নিয়ে এখনো চূড়ান্ত অবস্থান জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, অতীতে এই আসন থেকে একাধিকবার নির্বাচন করেছেন খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনি এখান থেকে নির্বাচিত হন। ঐতিহাসিক প্রেক্ষাপটে আবারও জিয়া পরিবারের কাউকে প্রার্থী করার আলোচনা জোরালো হয়েছে।