রাজনীতি

ছাত্রদল সভাপতি রাকিব

তারেক রহমানের ডাকেই জুলাই আন্দোলনে নেমেছিলেন আবু সাঈদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ এএম

তারেক রহমানের ডাকেই জুলাই আন্দোলনে নেমেছিলেন আবু সাঈদ
ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের সামনে ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

রাকিব বলেন, “আবু সাঈদ তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলনে নেমেছিল। ফ্যাসিবাদী আমলে বিএনপির ঘোষিত কর্মসূচিগুলোতেও তিনি অংশগ্রহণ করতেন এবং সেসব নিজের ফেসবুকেও পোস্ট করতেন।”

ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করে তিনি বলেন, একটি ছাত্রসংগঠন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে জামায়াতে ইসলামী ও শিবিরের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। তিনি অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে দ্বিমুখী অবস্থান নিয়ে রাজনীতি করে আসছে। তবে সব প্রতিকূলতা ও অপপ্রচারের মধ্যেও ছাত্রদল তারেক রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজ চালিয়ে যাবে বলে মন্তব্য করেন।

দেশ গঠনে ছাত্রদলের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিটে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাকিব বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি দাবি করেন, গত দুই দশকের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারই সবচেয়ে সফল।

এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, আন্দোলনকে ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তার ভাষ্য, পরীক্ষার্থীদের একটি ক্ষুদ্র অংশকে ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, আরেকটি সংগঠন ছাত্রদলের শীর্ষ নেতাদের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।