রাজনীতি

‘জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাক শিল্প আজ অর্থনীতির মূল ভিত্তি’ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম

‘জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাক শিল্প আজ অর্থনীতির মূল ভিত্তি’ 
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘RMG 360 Degree: Challenge and Opportunity’।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি তাদের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রমের মানসিকতা। সঠিক পরিকল্পনা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের মানুষ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তিনি দাবি করেন, এ সম্ভাবনা উপলব্ধি করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম তৈরি পোশাক খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে শিল্প খাতে নানা অনিয়ম ও সংকট সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার শিল্প ও অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, পোশাক শিল্পের টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, বাগমা দক্ষ জেনারেল ম্যানেজার তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আব্দুল হামিদ পিন্টু, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর প্রতিনিধি ও ইমপ্রেস নিউটেক্সের পরিচালক নাসির উদ্দৌলা।

বক্তারা বলেন, বর্তমানে শিল্প খাতের সবচেয়ে বড় সংকট গ্যাসের স্বল্পতা। এর ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে শিল্পখাতের অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলেও তারা মত দেন।

এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগমার প্রধান উপদেষ্টা ওমর ফারুক সিদ্দিকী। সাধারণ সম্পাদক ও বাগমা ইনস্টিটিউটের চেয়ারম্যান পারভেজ লাবু এবং সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. জোবায়ের পারভেজ।

অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।