রাজনীতি

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি
ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’

এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন নেতারা।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা অংশ নেন।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম চূড়ান্ত হওয়ায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।