রাজনীতি

বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তাঁর বিদায়ী সাক্ষাৎ হয়। এর পরপরই রাকিবুল ইসলাম রাকিব ওই পোস্ট দেন। এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।

দীর্ঘ পোস্টে রাকিব প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তারেক রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ ছাড়া বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাকিবের দাবি, এসব নেতার আন্তরিক সহযোগিতার কারণেই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের নেতাদের নিয়ে তিনি ‘আমৃত্যু গর্বিত’ থাকবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, দায়িত্ব পালন করা এসব নেতার নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। আর্থিক সংকটের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।

দায়িত্ব পালনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতিবাচক ছাত্ররাজনীতির বিকাশে কাজ করার কথাও তুলে ধরেন ছাত্রদল সভাপতি। তাঁর ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীদের কারণে কোনো সাধারণ শিক্ষার্থী যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সেদিকে তিনি বিশেষ নজর রেখেছেন।

দলের বাইরের সাধারণ শিক্ষার্থীরা কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে এলে নিজের অবস্থান থেকে তা সমাধানের চেষ্টা করেছেন বলেও জানান রাকিব।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠনগুলোর নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রাকিব-নাছির কমিটির অন্যতম বড় সাফল্য হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখার বিষয়টি উল্লেখ করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মব মোকাবিলা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক বুলিং উপেক্ষা করে নেতৃত্ব দেওয়ার কথাও পোস্টে তুলে ধরেন তিনি।

ছাত্রদলের বর্তমান কমিটি ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছিল।

দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে রাকিব বলেন, তিনি নতুন জীবন শুরু করতে চান। নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ দায়িত্ব পালনের সময়ে নিজের ভুল-ত্রুটির কথাও স্বীকার করেন ছাত্রদল সভাপতি। তাঁর আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

পোস্টের শেষ দিকে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাকিব।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে এবং নতুন কমিটির একটি খসড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ এবং এরপর রাকিবের বিদায়সূচক পোস্টের পর নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে।