রাজনীতি

মিছিলে জাপা ও আ. লীগের হামলায় আহত রাশেদ খানসহ বেশ কয়েকজন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

মিছিলে জাপা ও আ. লীগের হামলায় আহত রাশেদ খানসহ বেশ কয়েকজন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে রাশেদ খানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আকস্মিকভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন, "আমাদের মিছিলে পেছন থেকে আক্রমণ করা হয়েছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সহনীয় নয়।"

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী নেতা-সমর্থকরা হঠাৎ হামলা চালায়।" তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।