প্রবাস
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতা বারুতে একটি অভিযানে ১১৪ জন বাংলাদেশিসহ মোট ১১৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ধরা পড়া আরেকজন হলেন একজন ভারতীয় নাগরিক।
সোমবার (৫ মে) দুপুর ২টা থেকে কোতা বারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৮ থেকে ৫৫ বছর বয়সী বিদেশিদের আটক করা হয়।
কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ায় বৈধ পাস বা পারমিট ছাড়াই অবস্থানসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারায় মামলা হচ্ছে।
আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।