প্রবাস

অক্টোবরে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

অক্টোবরে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

গত অক্টোবর মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি নাগরিক। তিন দফায় লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে ৩০৯ জন এবং ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়।

দূতাবাস জানিয়েছে, এখনও লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বলেন, “লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করছি। বিপদগ্রস্ত ও অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করছে।”

দূতাবাসের সক্রিয় উদ্যোগের ফলে এই অভিবাসীদের জেল-জরিমানা মওকুফ করে দেশে পাঠানো সম্ভব হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।