প্রবাস
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যার পোস্টাল ভোটিং আপডেটে এই তথ্য জানানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসকারী প্রবাসীদের নিবন্ধন গ্রহণ করা হচ্ছে। অ্যাপ চালুর পর রোববার রাত ৮টা পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে মোট ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।
কোন দেশে কতজন নিবন্ধন করেছেন: দক্ষিণ কোরিয়া: ৭,৭৬৮ জন, জাপান: ৪,৬০৬ জন, দক্ষিণ আফ্রিকা: ২,৩১১ জন এবং চীন: ১,২৮৯ জন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই সময়ে ইসি বিশ্বের ১৪৮টি দেশে ধাপে ধাপে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করে।
ইসি জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান—
২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া
২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ
৪–৮ ডিসেম্বর: সৌদি আরব
৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়া
১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ (সৌদি আরব ছাড়া)
প্রথমবারের মতো বৈদেশিক ভোটিং—নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায়
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এটি বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন।
এছাড়া, নির্বাচনি কার্যক্রমে যুক্ত সরকারি কর্মচারী, আইনি হেফাজতে থাকা ভোটারসহ নিজ এলাকা থেকে বাইরে থাকা প্রায় ১০ লাখ ভোটার আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আসছেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।