প্রবাস

আল্লাহ জানেন, আমার ছেলেকে কী কষ্ট দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর বাবা


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২৮ এএম

আল্লাহ জানেন, আমার ছেলেকে কী কষ্ট দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর বাবা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় লিমনের বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্বজনরা মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হন। মাদারগঞ্জে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

জামিলের বাবা জহুরুল হক বলেন, বাবা হিসেবে আমার সবচেয়ে কষ্ট ও দুঃখ। আমার ছেলেকে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি। কোনো প্রকার তাদের কষ্ট দিইনি। কোনো প্রকার শারীরিক কোনো শাস্তিও দিইনি। যা শাসন করেছি, মুখে শাসন করেছি। আমার ছেলেকে এভাবে যে মরতে হবে জানতাম না, আল্লাহ জানেন কী কষ্ট দেওয়া হয়েছে। এটাই আমার কাছে কষ্ট।

লিমনের মামা জানান, পরিবারের কাছে তার কোনো শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের তথ্য ছিল না। তিনি সবসময় স্বাভাবিক জীবনযাপন করতেন এবং কোনো সমস্যার কথা পরিবারকে জানাননি। হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কেও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।