প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসী নিহত


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১০ পিএম

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসী নিহত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কাতারে বাংলাদেশ দূতাবাস ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় ট্রাফিক পুলিশ।

নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামে। জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো এসব প্রবাসীর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃসংবাদ পৌঁছে দিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।