প্রবাস
প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়াল সৌদি আরব
প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় পাবেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট-সংক্রান্ত জটিলতা দূর করে আইনগত অবস্থান নিয়মিত করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে।
মন্ত্রণালয়ের ভাষ্য, শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা, চাকরির চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সুরক্ষা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত করার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে সংগ্রহের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সুযোগের সময়সীমার মধ্যে অনিয়ম বা অসম্পূর্ণ কাগজপত্র সংশোধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।