প্রবাস
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক
মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনিতে অভিযান চালিয়ে ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, ৭ জন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে।
অভিযানের আগে বিদেশিদের সন্দেহ এড়াতে ইমিগ্রেশন কর্মকর্তারা বিভাগের নিজস্ব নয়—এমন যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন। মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ওই এলাকায় আগেভাগে অভিযান সম্পর্কে জানতে পারেননি সেখানে অবস্থানরত বিদেশিরা।
কর্মকর্তারা অভিযান শুরু করলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। কেউ কেউ খনির পানিতে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। এ সময় এক বাংলাদেশি পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পিছলে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি হলে তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিরা খনিতে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সবাইকে অবৈধ অভিবাসী (পিএটিআই) হিসেবে সন্দেহ করা হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।