প্রবাস

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত
ছবিঃ সংগৃহীত

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)ও মারা গেছেন। একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে অবস্থান করার পর তারা কলকাতায় যান। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দেবাশীষ দত্ত, তার স্ত্রী, তিন বছর বয়সী সন্তান ও শ্বশুরের মৃত্যু হয়।

নিহত দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র আরও জানায়, দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। তার বাবা-মাও জীবিত রয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যেই পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।

কলকাতার ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহলেও নেমে এসেছে গভীর শোক।