প্রবাস
লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক
পূর্ব লন্ডনে একটি মদের বার কিনে সেটিকে পূর্ণাঙ্গ মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপ দিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও চট্টগ্রামের রাউজানের সন্তান জিয়া বিন রাসেল। ভবনটি কিনে সেখানে মসজিদ নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন জিয়া বিন রাসেল। শুধু মদের বারকে মসজিদে রূপান্তর নয়, বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরেও নীরবে বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছেন তিনি।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এককালীন খাদ্য সহায়তা কিংবা হুইলচেয়ার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বরং তাদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে সাভারের নবীনগরে ‘হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’-এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালু করা হয়েছে। এ উদ্যোগের মূল অর্থায়ন ও পরিকল্পনায় রয়েছেন জিয়া বিন রাসেল।
এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিভিন্ন এলাকায় দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, নগদ অর্থ ও আয়মুখী বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পরিবারের স্থায়ী আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মীয় মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার প্রসারেও ভূমিকা রাখছেন এই উদ্যোক্তা। দেশের দুর্গম এলাকার মক্তব ও মাদরাসাগুলোতে নিয়মিত অনুদান দিয়ে আসছেন তিনি। তার সরাসরি অর্থায়নে অনেক এতিম ও দুস্থ শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি একাধিক শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার সুযোগ পেয়েছেন।