ধর্ম

যে দোয়া দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট দূর করে


ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

যে দোয়া দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট দূর করে
ছবি: সংগৃহীত

জীবনের নানা চ্যালেঞ্জ, বিপদ ও অনিশ্চয়তার সময় মানুষ স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এসব দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে ইসলামে রয়েছে কার্যকর দিকনির্দেশনা। আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে—এটাই একজন মুসলমানের বিশ্বাস।

আল্লাহ তাআলার জিকির ও দোয়া করলে হতাশা দূর হওয়ার পাশাপাশি মনে অনাবিল প্রশান্তি অনুভূত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে, জেনে রাখো—আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়।”
(সুরা রা’দ, আয়াত: ২৮)

দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। একজন মুমিন হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিষাদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

এক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে, আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া। দোয়াটি হলো,

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।

অর্থ: হে আল্লাহ! আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি।’ (তিরমিজি, হাদিস: ৩৫০৫) আল কোরআনের আল আম্বিয়ায় (আয়াত: ৮৭) এই আয়াতের উল্লেখ আছে।

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া:

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আপনার আশ্রয় নিচ্ছি। হযরত আনাস (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (বুখারি ২৮৯৩)