ধর্ম

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ মার্চ ২০২৬ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর—গালফ নিউজ।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ফলে আরব আমিরাতের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে আরও একদিন।

পূর্বাভাস বলছে, ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের ঈদ ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৩ মার্চ সোমবার থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যদিও চাঁদ দেখা সাপেক্ষে শেষ সিদ্ধান্ত দেবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবুও বর্তমান হিসাব অনুযায়ী ২০ মার্চ ২০২৬ তারিখেই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।