সারাদেশ

প্রথমবারের মতো মা ইলিশ রক্ষায় ড্রোন নজরদারি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

প্রথমবারের মতো মা ইলিশ রক্ষায় ড্রোন নজরদারি
ছবি: সংগৃহীত

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সারা দেশে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ বছর প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে নদীতে নজরদারি করবে প্রশাসন।

সংরক্ষণ অভিযানকে সফল করতে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় বরিশালের কীর্তনখোলা নদীতে নৌর‍্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে র‍্যাব, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। র‍্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কীর্তনখোলা নদীর বেলতলা ঘাটসহ আশপাশের নদী প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নিষেধাজ্ঞা কার্যকালে জেলেদের অসুবিধা দূর করতে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণ চাল বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, “গত বছর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এবার আমরা চাই ২২ দিনের এ নিষেধাজ্ঞা শান্তিপূর্ণভাবে পালিত হোক। ২২ দিন পর আবার জেলেরা নদীতে মাছ ধরতে পারবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।”

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, এ বছর প্রথমবারের মতো মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌপুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে। এছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল জেলায় মোট ৭৯ হাজার ৬২৩ জন জেলে রয়েছে। এর মধ্যে কার্ডধারী জেলের সংখ্যা ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রত্যেক নিবন্ধিত জেলে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল পাবেন। তবে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

সরকার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে নদীতে নজরদারি একটি নতুন উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।