সারাদেশ
চুরি করতে গিয়ে ছাদে আটকা, আগুন লাগিয়ে আতঙ্ক ছড়াল চোর
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চুরি করতে গিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে এক চোর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ছয়তলা আবাসিক ভবনে প্রবেশ করে ওই চোর। কিন্তু ধরা পড়ার পর পালাতে না পেরে ছাদে উঠে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় সে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাতে বিজিবি ক্যাম্প এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশের ছয়তলা ভবনের বাসিন্দা রবিন খানের বাড়িতে প্রবেশ করে চোর। এ সময় বাসায় না থাকায় সুবিধামতো ভেতরে ঢুকে পড়ে সে। পরে রবিন খান বাসায় ফিরে এলে চোর হঠাৎ ধারালো ছুরি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। রবিন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে চোর দ্রুত ভবনের ছাদে উঠে যায়।
ছাদে উঠে সে দরজা বন্ধ করে ফেলে এবং পালাতে না পেরে উল্টো আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। স্থানীয়দের ধাওয়া এড়াতে গিয়ে সে ৩–৪ জনকে ছুরিকাঘাত করে আহত করে। এরপর ছাদের বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ শতাধিক মানুষ রাস্তায় নেমে আসে।
মোহাম্মদ সাজ্জাদ নামে স্থানীয় এক যুবক জানান, তারা কৌশলে চোরটিকে নামানোর চেষ্টা করলে সে হঠাৎ বৈদ্যুতিক তারে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় ছাদ থেকে চোরটিকে নামিয়ে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, “আটক চোরের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”