সারাদেশ
মাদকবিনিময়ে সিমেন্ট-পণ্য পাচারের সময় চার চোরাকারবারী আটক
মিয়ানমারের সাথে মাদকবিনিময়ে বাংলাদেশি সিমেন্ট ও পণ্য পাচারের সময় চার চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোরে নোয়াখালীর হাতিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদক এনে বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট ও পণ্য পাচার করবে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি আভিযানিক দল শুক্রবার ভোর ৪টার দিকে হাতিয়া থানার কালাদুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঢালচর বিআইডব্লিউটিএ পন্টুনের কাছে পৌঁছে বোটচালকরা ইচ্ছাকৃতভাবে নৌযানটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ধাওয়া করে নদী থেকে চারজনকে জীবিত আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা প্রায় সাত লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট টাইগার কোমল পানীয় মিয়ানমারের মাদক কারবারিদের কাছে পাচারের পরিকল্পনা করেছিল।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, চোরাচালান ও মাদকপাচার রোধে এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।