সারাদেশ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম

৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে শত শত মানুষ মহাসড়কে অবস্থান নেয়। তাদের অবরোধে চট্টগ্রাম–কক্সবাজার মূল সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মহাসড়কটি এখন কার্যত “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটছে। তারা বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাগুলো জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয় জনগণের জন্য নয়; দেশের সামগ্রিক অর্থনীতি, পর্যটন শিল্প, রোহিঙ্গা শিবিরে ত্রাণ পরিবহনসহ নানা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রুটে বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। তবু দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের বহু জায়গা এখনও সরু, কোথাও ঢালু, কোথাও আবার তীব্র বাঁক রয়েছে—যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের ফলে সড়ক বেশি পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

বিক্ষোভকারীরা আরও জানান, একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় পুনরায় সড়কে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন তারা।