সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর ওপর ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম সুরমা আক্তার (২০)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মেঘনা সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুরমা আক্তার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সুরমা আক্তার আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ি আড়ালিয়া গ্রামে ফেরার পথে মেঘনা সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, “ট্রাকের ধাক্কায় একজন নারী নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”