সারাদেশ

রাঙ্গামাটির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

রাঙ্গামাটির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংস
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাউখালি উপজেলার কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকার গহীন জঙ্গলে ইউপিডিএফ (মূল)-এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল)-এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের লক্ষ্য করে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পান সেনা সদস্যরা।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ওই আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত ৪টি রাইফেল ট্রেঞ্চ, ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়।

সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাত এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অভিযানের স্থানটিতে একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিরাপত্তা বাহিনীর এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।