সারাদেশ

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি পদের লিখিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টায় পরিবহন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা এবং বৃহস্পতিবার দুপুর ২টায় প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়া ও চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুটি পরীক্ষাই স্থগিত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে তাদের নিজস্ব জালপাতায় প্রকাশ করা হবে। এ কারণে পরীক্ষার্থীদের নিয়মিত জালপাতা পর্যবেক্ষণ এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।