সারাদেশ

বৈরী আবহাওয়া: বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৭ এএম

বৈরী আবহাওয়া: বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নৌপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর সংশ্লিষ্টদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (৬ জুলাই) একই কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হলো।