সারাদেশ
স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন আলমগীর, সড়কে ঝরে গেল প্রাণ
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে নামাজ আদায় করতে গিয়েছিলেন এক দোকানি। কিন্তু সেই নামাজই হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। শুক্রবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলমগীর (৫৬) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হাসপাতালের পাশেই একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পাশের একটি মসজিদে নামাজ পড়তে যান আলমগীর। নামাজ শেষে হাসপাতালের দিকে ফেরার সময় দ্রুতগতির কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।