সারাদেশ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের ১৪ নাগরিক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের ১৪ নাগরিক আটক
ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনি ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ১৪ মিয়ানমারের নাগরিক আলীকদম ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ১৪ জনই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, বিদেশি নাগরিকসংক্রান্ত আইন, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বুধবার তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শাহ জানান, আটক ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।