সারাদেশ

আশুগঞ্জে রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

আশুগঞ্জে রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। পরে মিছিলটি আশুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটের অজুহাতে রুমিন ফারহানা জাতীয় সংসদে অসংসদীয় ভাষায় বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার এমন বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বক্তারা বলেন, রুমিন ফারহানাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।