সারাদেশ
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়া থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। কীভাবে তিনি সেখানে গেলেন, বা কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু হয়েছে একদিন আগেই। মরদেহে বিকৃতির কিছু লক্ষণ দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন বিভুরঞ্জন সরকার। কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা অফিসে যাওয়ার কথা থাকলেও সেখানে যাননি। এমনকি মোবাইল ফোনটিও বাসায় রেখে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, তিনি ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন।
বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, “আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার সকাল ১০টায় অফিস যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর অবস্থান জানা যায়নি।”
প্রসঙ্গত, বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন এবং সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে নিয়মিত কলাম লিখতেন।