সারাদেশ
গাজীপুরে এনসিপি সদস্যকে লক্ষ্য করে গুলি, এলাকাজুড়ে আতঙ্ক
গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গুলির শিকার হতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে হামলাকারীরা গুলি চালিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে হাবিব চৌধুরীর সঙ্গে জুগিতলা এলাকায় দেখা করে। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে উঠে পড়ে। এ সময় অপরজন হঠাৎ করে হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার গায়ে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর দুজনই মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন এবং মহানগর জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় ছিনতাই ও সশস্ত্র অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হাবিব চৌধুরী ঘটনার বর্ণনায় বলেন, মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। একজন টেস্ট করার কথা বলে বাইকে উঠে পড়ে, আর অন্যজন হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। ভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিষয়টি পুলিশ অবগত। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।