জাতীয়

সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি বর্তমানে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন স্থানে ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি হাসপাতালগুলোর আশপাশে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে, সেগুলোকে যথাযথ নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। অনুমোদনের শর্ত না মেনে কিংবা নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিলসহ সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে।

এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আকস্মিক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা বিএনপির সদস্য মোতাহের হোসেন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।