সারাদেশ
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ওসমান হাদির বিচার দাবির চিরকুট
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন মনোবাসনা লেখা চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটের মধ্যে নাম-পরিচয়বিহীন একটি বার্তায় ওসমান হাদি হত্যার বিচার দাবি করা হয়েছে।
শনিবার সকাল সাতটায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্স থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় এসব অর্থ গণনার কাজ শুরু হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে সেখান থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।
এবারও দানবাক্স খোলার সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ।