সারাদেশ
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন পুলিশ সদস্য, দেখলেন মরদেহটি নিজের ছেলের
কিশোরগঞ্জ শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তুহিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের টহলদলের এক সদস্য গিয়ে দেখতে পান, নিহত শিশুটি তারই নিজের ছেলে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, সকালে একটি মোবাইল ফোন থেকে থানায় খবর আসে জনতা স্কুল সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তখনও নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে রওনা হয়। ওই টহলদলে গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন শামসুল হক।
ঘটনাস্থলে পৌঁছে টহলদলের সদস্যরা দেখতে পান, ট্রাকের চাপায় নিহত শিশুটি আর কেউ নয়, শামসুল হকের নিজের ছেলে তুহিন। এ দৃশ্য দেখে তিনি ভেঙে পড়েন এবং উপস্থিত সবার মাঝে শোকের আবহ সৃষ্টি হয়।
জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল সড়কে বের হয়েছিল তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।