সারাদেশ
ফরিদপুর প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে যুবকের মৃত্যু
ফরিদপুর শহরের কমলাপুরে প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক যুবক।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। তানভীর হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীর হোসেন তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি জানতে পারেন, তার প্রেমিকা হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। এ খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরে সন্ধ্যার দিকে বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন তানভীর। বিষপানের পর বাসার ভেতরে ঢুকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
তানভীরের বোন তানজিলা আক্তার জানান, একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি স্ট্রোক করে আকস্মিকভাবে মারা যাওয়ার পর সেই শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তানভীরের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে অপমৃত্যুর এজাহার দিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই থানায় উপস্থিত হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।