সারাদেশ

পাঁচ দিনের যমজ মেয়েকে ফেলে উধাও মা, সন্তানদের নিয়ে দিশাহারা বাবা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

পাঁচ দিনের যমজ মেয়েকে ফেলে উধাও মা, সন্তানদের নিয়ে দিশাহারা বাবা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যাশিশুকে রেখে মারিয়া নামে এক নারী নিখোঁজ হয়েছেন। এতে নবজাতক দুই শিশুর জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা সাকিব হোসেন।

ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌরশহরের ধারিয়াল গ্রামে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতক দুই শিশুর নাম রাখা হয়েছে মাহা ও মানহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে মারিয়ার সঙ্গে ধারিয়াল এলাকার সোলায়মান হোসেনের ছেলে সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। সে সময় সাকিবের বয়স ছিল ১৭ বছর এবং মারিয়ার ১৫ বছর। দুই পরিবারের সদস্যরা বিয়ে মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা পালিয়ে যান। পরে সাকিবের পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে বাড়িতে তুলে নেয়।

গত ১৩ আগস্ট স্থানীয় হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই কন্যাসন্তানের জন্ম দেন মারিয়া। সন্তানসহ তাকে নিজের বাড়ি ধারিয়ালে নিয়ে আসেন সাকিব। তবে গত ১৭ আগস্ট রাতে কাউকে কিছু না জানিয়ে নবজাতক দুই সন্তানকে বাড়িতে রেখে চলে যান মারিয়া। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নবজাতকের বাবা সাকিব হোসেন বলেন, ‘যমজ শিশু নিয়ে চরম বিপাকে পড়েছি। নবজাতকদের জন্য অনেক সমস্যার সমাধান করা গেলেও মায়ের অভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।’

তিনি আরও অভিযোগ করেন, মারিয়া কোথায় গেছেন তা তিনি জানেন না। নবজাতক দুটিকে সুস্থ রাখতে মায়ের প্রয়োজন। তাদের বিয়ের বিষয়টি শ্বশুর-শাশুড়ি মেনে নেননি। তাদের প্ররোচনায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মারিয়ার বাবা ময়েন উদ্দিন বলেন, তার মেয়ে বর্তমানে কোথায় বা কী অবস্থায় আছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ মারিয়াকে খুঁজে বের করে নবজাতক দুই শিশুর কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।