সারাদেশ
নিখোঁজের পর পুকুর থেকে একে একে তোলা হলো ৪ কন্যাশিশুর মরদেহ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
নিহত ওজাইফা ওই এলাকার আলআমিনের মেয়ে, আফসা মুন্নার মেয়ে, রিয়া মনি জাহাঙ্গীরের মেয়ে এবং রুবাইয়া রাকিবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।
সন্ধ্যায় উদ্ধার করা শিশুদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, চার শিশু একসঙ্গে গোসল করতে পুকুরে নেমেছিল। সেখানেই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিমুল জানান, চার শিশুর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।