সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ নম্বর ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। গত ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রায় ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বাহিনীটি।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া ও আনন্দবাস বিওপি এলাকাজুড়ে নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং বিশেষ তৎপরতার মাধ্যমে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৫ বোতল ভারতীয় মদ, ৪৩ পিস ভারতীয় শাড়ি, ৮০টি মোবাইল ফোনের ডিসপ্লে, একটি ভারতীয় আইফোন, ২৯২টি কসমেটিক্স সামগ্রী ও আরও বেশ কিছু চোরাচালান পণ্য।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, “বিজিবির এই সফল অভিযান আমাদের পেশাদারিত্ব এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতিচ্ছবি। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ পয়েন্ট চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, বিজিবির এই অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জনসচেতনতাও বাড়াচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।