সারাদেশ

সুন্দরবনে ঘুরতে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

সুন্দরবনে ঘুরতে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুন্দরবনের বনে ভ্রমণে এসে মৃত্যু হয়েছে এক বিদেশি নারী পর্যটকের। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের জাহাজে অবস্থানকালে মারা যান আইরিশ নাগরিক কারমেল নইলিন (৫৭)।

বন বিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয় এলাকায় নিয়ে আসেন।

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি পর্যটকবাহী জাহাজে করে সুন্দরবন ভ্রমণে আসেন কারমেল নইলিন ও তার স্বামীসহ একদল বিদেশি পর্যটক। প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে।

শনিবার সকালে জাহাজে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারমেল। সঙ্গে থাকা চিকিৎসক প্রাথমিকভাবে তাকে দেখতে পেলেও, কিছুক্ষণ পরই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।