সারাদেশ
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওনকুমার তুলসিদাস বাদে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি গৌরব কুমার আগারওয়ালকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বন্দরটির নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজা বলেন, “বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার এবং দ্বিতীয় সেক্রেটারি ভারতে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর ও নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক দৃষ্টান্ত।”
পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইমিগ্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।