সারাদেশ
জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ
ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার ও ১৯ কেজি মসুর ডালের বীজ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার পর সুরাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও কৃষকরা সুরাট বাজারে জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার বীজ মজুত রয়েছে- এমন অভিযোগ করে সদর কৃষি অফিসে। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ঘটনাস্থলে পৌঁছান। ওই সময় ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুনের নেতৃত্বে কৃষকরা বিক্ষোভ করতে থাকেন। পরে কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব জামায়াত কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, সুরাট বাজারের স্থানীয় লোকজন আমাদের অফিসে ফোন করে অভিযোগ জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সার ও বীজ উদ্ধার করে এনেছি। এসব সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা। রাজনৈতিক দলের কার্যালয়ে জমা করার নিয়ম নেই। আমরা যখন সার ও বীজ উদ্ধার করি তখন ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন বলেন, ৬ জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে রেখে গেছে। শনিবার সকালে তারা এগুলো নিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এটিকে ভিন্ন রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, ঘটনাটি শুনেছি। সরকারি সার ও বীজ কৃষকের মাঝে দ্রুত বিতরণ করার কথা। কোনো রাজনৈতিক কার্যালয়ে সাময়িক সময়ের জন্য মজুত রাখাও আইনের লঙ্ঘন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবো।