সারাদেশ
খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির খুলনা জেলা কমিটির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী করা হয়েছে সংগঠনটির ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনাসহ স্থগিত থাকা ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রথম দফার ঘোষণায় খুলনা-১ আসনটি ফাঁকা রাখা হলেও দ্বিতীয় দফায় এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াইয়ের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন পান আমির এজাজ খান। মনোনয়ন ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। খণ্ড খণ্ড আনন্দমিছিল, মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়তে থাকে।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ আসনে আমির এজাজ ছাড়াও কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি পার্থ দেব মণ্ডল। তবে শেষ পর্যন্ত আমির এজাজ খানই চূড়ান্ত মনোনয়ন পান। তিনি অতীতেও এ আসন থেকে একাধিকবার নির্বাচন করে পরাজিত হন।
অন্যদিকে, প্রায় ১০ মাস পর খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। পূর্বের প্রার্থী বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা আবু ইউসুফের পরিবর্তে এবার মনোনয়ন দেওয়া হয়েছে কৃষ্ণ নন্দীকে।