সারাদেশ

পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের বিক্ষোভ, বাংলাদেশবিরোধী স্লোগান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম

পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের বিক্ষোভ, বাংলাদেশবিরোধী স্লোগান
ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশের যশোরের বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের সীমান্ত এলাকায় বাংলাদেশবিরোধী প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ।

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী। তিনি জানান, বিক্ষোভকারীরা প্রথমে পেট্রাপোল বন্দর এলাকায় জড়ো হয়ে বাংলাদেশ অভিমুখে লং মার্চের চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা সীমান্তের দিকে অগ্রসর হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাধা দেয়। পরে তারা সীমান্ত এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালায় এবং বাংলাদেশের দিকে মাইক তাক করে উস্কানিমূলক ও বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সীমান্তের অপর পাশে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

পরবর্তীতে ভারতের বনগাঁর বাটার মোড় এলাকায় ‘হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ’ ও ‘সনাতনী ঐক্য পরিষদ’-এর ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগেই এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে বলে অংশগ্রহণকারীরা দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন বিজেপির বিধায়ক (এমএলএ) অশোক কীর্তনীয়া এবং বিজেপির সংসদ সদস্য (এমপি) শান্তনু ঠাকুর। বিক্ষোভ মিছিলে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল এলাকায় সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে বলে শুনেছি। তবে সেটি বাংলাদেশবিরোধী বিক্ষোভ ছিল কিনা—এ বিষয়ে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।”