সারাদেশ
যশোরে চিহ্নিত সন্ত্রাসী 'চশমা সাইদ'কে গলাকেটে হত্যা
যশোরে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার ওই গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ অন্তত ১১টি মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে সেখানে গিয়ে তারা সাইদের গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে একটি ধারালো চাকুও পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।